

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি কাগজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস দেরিতে আসা এবং পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে অবস্থিত ‘রুবেল অ্যান্ড সন্স’ নামের কাগজের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাগজের গোডাউনটির পাশেই একটি নতুন কারখানার নির্মাণকাজ চলছিল। সেখানে অসচেতনভাবে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ছিটকে আসা আগুন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণভাবে ওয়েল্ডিং করতে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও নির্মাণাধীন কারখানার শ্রমিকরা তা আমলে নেয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর দেওয়ার প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এছাড়া শুরুতে ফায়ার সার্ভিস পানি সংকটের অজুহাত দেখায় বলেও অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কাগজ গোডাউনের মালিক রুবেল হোসেন জানান, অসচেতনভাবে ওয়েল্ডিংয়ের কাজ করার কারণেই তার গোডাউনটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার বিপুল অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ কবির জোয়ারদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে গোডাউনে বিপুল পরিমাণ কাগজ ও প্লাস্টিক সামগ্রী থাকায় এবং এলাকায় তীব্র পানি সংকট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।