মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ঋণের ‘দণ্ড সুদ’ ১.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫% নির্ধারণ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না হলে সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আদায় করতে পারবে ব্যাংকগুলো, যা আগে ১.৫ শতাংশ ছিল। দেশে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই দণ্ড সুদের হার কমানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই দণ্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলারের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ ১.৫ শতাংশ দণ্ড সুদ নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে ওই সার্কুলারের একটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধুমাত্র মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এই হার প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন