মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি: গোলাম পরওয়ার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

‘বর্তমান সরকারের নীতি সবার আগে বাংলাদেশ নয়; বরং সবার আগে বিএনপি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ৩১ দফা ঘোষণা মধ্যে ছিল, ‘সবার আগে বাংলাদেশ’, অথচ আমরা দেখতে পাচ্ছি সবার আগে বিএনপি। বর্তমানে এই নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, যা জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

তিনি আজ ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং দলীয়করণের অবসানের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমের নিয়োগ নিয়ে তীব্র আপত্তি তোলেন তিনি। তিনি বলেন, সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনাব সামসুল আলম বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত। এমন একজন সক্রিয় রাজনীতিককে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা।’

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তিই হলো শতভাগ নিরপেক্ষতা ও জনগণের আস্থা। এই প্রতিষ্ঠানে যদি এমন চুক্তিভিত্তিক কাউকে বসানো হয় তাহলে তা জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

এ সময় তিনি মো. সামসুল আলমের এই নিয়োগকে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট পদ বলে মন্তব্য করে বাতিলের দাবি জানান। এবং ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক সংস্থায় সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান রাখেন।

এছাড়াও তিনি জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন করপোরেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে বলে অনেকের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন