মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল গণপরিবহনের জন্য জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গণপরিবহনে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে নতুন নিয়ম চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত তারিখের পর থেকে নতুন যানবাহনের নিবন্ধন এবং পুরোনো যানবাহনের ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণ দেখাতে হবে। শুধু ডিভাইস স্থাপন করলেই হবে না, মোবাইল অ্যাপের মাধ্যমে সেটি কার্যকর রয়েছে কি না, তাও প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও সচল রাখার বাধ্যবাধকতা কার্যকর হবে।

বিআরটিএ আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মানদণ্ড সংস্থার স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট কার্যালয়ে ডিভাইস স্থাপনের প্রমাণপত্র জমা দিতে হবে।

সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

নতুন এই নিয়ম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। সংস্থার আশা, জিপিএস প্রযুক্তির ব্যবহার বাড়লে গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, যাত্রী নিরাপত্তা এবং সড়ক ব্যবস্থাপনায় আরও কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন