সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিটিএফ পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে এ আয়োজন।

বাংলাদেশের পর্যটন শিল্পের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) মেলার আয়োজন করছে। এবারের বিটিটিএফের টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।

আয়োজকেরা জানান, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০টির বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফায়েড বায়ার এবং ২ হাজার ৫০০-এর বেশি ট্রেড ভিজিটর অংশ নেবেন। পাশাপাশি ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আয়োজকেরা আশা করছেন।

মেলায় চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের সেবা, পণ্য ও বিভিন্ন পর্যটন গন্তব্য তুলে ধরবে।

এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি অংশ নিতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা।

মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এ ছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০ আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে রয়েছে কনভয় সার্ভিস।

তথ্য অনুযায়ী, এর আগে বিটিটিএফের ১৩টির বেশি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনেও দেশি-বিদেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank