বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন থেকে নিখোঁজের ৩ দিন পর টাঙ্গাইলে মিলেছে পীরগঞ্জের ছাত্রের লাশ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম
ট্রেন থেকে নিখোঁজের ৩ দিন পর টাঙ্গাইলে মিলেছে পীরগঞ্জের ছাত্রের লাশ
expand
ট্রেন থেকে নিখোঁজের ৩ দিন পর টাঙ্গাইলে মিলেছে পীরগঞ্জের ছাত্রের লাশ

নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলের রেললাইনের পাশ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহত নাহিদ হাসান (২৪) উপজেলার ভেলাতৈড় গ্রামের আজহার আলীর ছেলে। তিনি দিনাজপুরে একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে নাহিদ নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে পরিবার জানতে পারে, ঢাকার কমলাপুর রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করেছে। পরে ছবির মাধ্যমে সেটি নাহিদের বলে শনাক্ত করে পরিবার।

নাহিদের মা গুলশান আরা বেগম জানান, নাহিদ পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজে ঈদের আট দিন পর ঢাকায় যান। সেখানে তিনি পীরগঞ্জের লোহাগাড়া মিলনবাজার এলাকার ‘সাকিব’ নামে একজনের সঙ্গে ছিলেন। পরে সাকিবের সঙ্গে তিনি ফেনীতেও গিয়েছিলেন।

নিহতের বাবা আজহার আলী, যিনি ঢাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত, জানান, ১৯ এপ্রিল ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন নাহিদ জানিয়েছিলেন, তিনি সাকিবের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছেন। ট্রেনটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছানোর পর থেকে নাহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নাহিদের মোবাইল লোকেশন ট্র্যাক করে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে উল্লাপাড়া থানার পরামর্শে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রেলওয়ে পুলিশের এএসআই জসিম জানান, গত ২০ এপ্রিল সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছয়শগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হয়। উদ্ধারের সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা মানিব্যাগ পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে নাহিদের সঙ্গে থাকা বন্ধু সাকিবও নিখোঁজ রয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup