

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রদলের এক নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সোলাইমান আকন্দ কালিহাতী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি। তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোর প্রায় ৫টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বাড়ির সামনে এসে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এতে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
সোলাইমান আকন্দের বাবা আব্দুর রাজ্জাক বলেন, 'ফজরের নামাজ পড়তে ওঠার সময় বাইরে শব্দ পাই। এরপর আরও গুলির শব্দ শুনতে পাই। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
স্থানীয় বাসিন্দাদের ধারণা, গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা সেতু পূর্ব থানা এলাকার বালুঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান বলেন, 'বালুঘাট নিয়ে কোনো দ্বন্দ্ব বা অন্য কোনো বিষয় এই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
