

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো ছিল।
চাকলাদার আবুল কালাম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের প্রয়াত চাকলাদার হাতেম আলীর ছেলে।
তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার। তিনি গত এক বছরের বেশি সময় ধরে একাই তার বাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন।
নিহতের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, শুক্রবার রাতে প্রতিদিনের মতো তিনি কালামকে খাবার দিয়ে যান। শনিবার সকালে খাবার দিতে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে ঢোকেন। তখন তাঁকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, কালাম দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। ঘটনাস্থলে গিয়ে তাঁকে খাটের ওপর বসা অবস্থায় দেখা গেছে। তাঁর দাবি, পরিস্থিতি দেখে বিষয়টি আত্মহত্যা বলে মনে হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে বিএনপি নেতা কালামের মরদেহ খাটের উপর গলায় কাপড় পেচানো অবস্থায় উদ্ধার করেছে। শুক্রবার রাতের কোন এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে।