বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও মারধর, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
দুই মামলায় গ্রেপ্তার আসামিরা
expand
দুই মামলায় গ্রেপ্তার আসামিরা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও দলীয় নেতাকর্মীকে মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, যুবদল নেতা মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন ও শ্রমিকদল নেতা মমতাজ আলী।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় ব্যবসায়ী আলমগীরের ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার থানায় অভিযোগ দিতে যান। এ সময় থানার গেটেই তাকে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এসব ঘটনায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার বাদী হয়ে রোববার সন্ধ্যায় পৃথক দুটি মামলা করেন।

উল্লাপাড়া থানার ওসি এ এফ এম মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে জাহিদুল ইসলাম মিষ্টারের ওপর হামলা এবং তাকে মারধরের প্রতিবাদে সোমবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে উল্লাপাড়া শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়। এখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় বিএনপি নেতা মিষ্টারের ওপরে হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের চাঁদাবাজি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন