বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে ৩৮ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা, চলছে বিশেষ ক্যাম্পেইন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৩৮ হাজারের বেশি শিশুকে হাম ও রুবেলা টিকার আওতায় আনতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ২০ এপ্রিল এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভার মধ্য দিয়ে ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক কর্মসূচির অগ্রগতি ও দিকনির্দেশনা তুলে ধরেন।

তিনি বলেন, হাম-রুবেলা টিকা শিশুদের মারাত্মক ভাইরাসজনিত রোগ থেকে সুরক্ষা দেয়। আগামী ১০ মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৩৮ হাজার ১৪৫ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২০ হাজার ডোজ টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে এবং পর্যায়ক্রমে বাকি টিকা সরবরাহ করা হবে।

উপজেলায় মোট ১৩টি ইউনিয়নের ৪৩০টি ইপিআই কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

ক্যাম্পেইনের অগ্রগতিতে দেখা গেছে, ২০ এপ্রিল ১ হাজার ৭১৭ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ। পরদিন ২১ এপ্রিল উপজেলার ১০টি ইউনিয়নে ৩ হাজার ২৮৩ জন শিশুকে টিকা দেওয়া হয়, যা প্রায় ৯৯ শতাংশ সাফল্য অর্জন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিন, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবহান মুন্সীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে, সে লক্ষ্যেই আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সব শিশু এ টিকা পাবে। যেসব শিশু ইতোমধ্যে টিকা নিয়েছে, তাদের ক্ষেত্রে ২৮ দিন অতিবাহিত হলে পুনরায় টিকা দেওয়া যাবে। অভিভাবকদের প্রতি আহ্বান, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে সময়মতো টিকা নিশ্চিত করুন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় এই জরুরি হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পেইন সফল করতে সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন