রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের ভাণ্ডার, আটক দম্পতি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের ভাণ্ডার, আটক দম্পতি
expand
সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের ভাণ্ডার, আটক দম্পতি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশসহ আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ।

মজিবর রহমান মাদবর নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। ২০১২ সালে দলীয় প্রতীক ‘নৌকা’র বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় হন।

প্রশাসন সূত্রে জানা গেছে, তার কাছে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার স্ত্রী রুমা আক্তারকে তার সঙ্গে আটক করা হয়।

অভিযানকালে তার ঘর থেকে পিস্তলের কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরি-সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার সঙ্গে আটক নারী সম্পর্কে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা বিবাহিত তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X