

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সামনে রেখে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দল গঠনের পাশাপাশি নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে।
সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। একই দিন দেশের বিভিন্ন স্থানে একযোগে প্রতিযোগিতা শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
টুর্নামেন্টে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। এ কারণে প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা ছাত্র ও ছাত্রী দল গঠন করে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছে, দলগুলোর অনুশীলনের জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ খেলোয়াড় বাছাই এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত মনোভাব এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
টুর্নামেন্ট আয়োজনসংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করার জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।