

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতের এক সংসদ সদস্যকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পাদনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর ভিডিও যুক্ত করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমানের সমালোচনা করে পৃথক ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ও সংসদ সদস্য মাহমুদা মিতু।
মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের ফেসবুক পেজ থেকে এ পোস্ট করেন তারা।
মশিউর রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘জামায়াতের এমপির ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতু আপুর ভিডিও জুড়ে দিয়ে আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান যে মহা অন্যায়টা করলো, সেটার কোনো ক্ষমা হবে না। আম তারেকের কী মা-বোন নেই?’
এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান ডা. মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘আসলে তারেককে নিয়ে কথা বলতে আমার ঘৃণা লাগে। তার স্ত্রীকে যখন বডি শেমিং করা হয়েছিল, তখন আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের হয়রানি আশা করি না।’
তিনি আরও লেখেন, ‘আমার বক্তব্যের ভিন্ন বিশ্লেষণ বা সমালোচনা করা যেত। কিন্তু যে নোংরামিটা করা হয়েছে, সেটি সত্যিই ঘৃণ্য। তিনি যা করেছেন, তা আইনগতভাবেও অন্যায়। এখন সেই স্ক্রিনশট নিয়ে অনেকেই নোংরা মন্তব্য করছেন। পুরো বিষয়টি খুবই দুঃখজনক।’
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহুর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য।