মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারাতে মাঠে মুদ্রা পুঁতে রেখেছিলেন কুকুরেয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে মার্ক কুকুরেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসে। সেখানে দেখা যায়, ম্যাচ শুরুর আগে তিনি মাঠের এক পাশে গিয়ে ঘাসের নিচে একটি মুদ্রা রেখে আসছেন। তখন এর কারণ জানা না গেলেও স্পেনের বিশ্বকাপ জয়ের পর বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জোয়ান ক্যাপদেভিলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাপদেভিলা জানান, ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের আগে তিনিও একই কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে এবার কুকুরেয়াকেও মাঠে একটি মুদ্রা পুঁতে রাখতে বলেছিলেন তিনি।

পোস্টে ক্যাপদেভিলা লেখেন, ‘এবার একটি গোপন কথা বলি। ২০১০ সালের ফাইনালের আগে আমিও মাঠে একটি মুদ্রা পুঁতে রেখেছিলাম। গল্পটি আমি আগেও বলেছি। এবার কুকুরেয়াকেও একই কাজ করতে বলেছিলাম। মার্ক, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’

রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। পুরো ম্যাচে লেফট-ব্যাক কুকুরেয়া রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে আর্জেন্টিনার আক্রমণভাগকে চাপে রাখতে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়।

ফাইনালের আগে প্রকাশিত ভিডিওতে কুকুরেয়ার মাঠে মুদ্রা রেখে আসার দৃশ্য দেখা গেলেও তখন সেটির পেছনের কারণ জানা যায়নি। ক্যাপদেভিলার পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এই রীতির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ক্যাপদেভিলার মতে, এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে তাঁদের ব্যক্তিগত বিশ্বাসের অংশ।

কাকতালীয়ভাবে ২০১০ সালের মতো এবারও অতিরিক্ত সময়েই বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করেছে স্পেন। দক্ষিণ আফ্রিকায় আন্দ্রেস ইনিয়েস্তার জয়সূচক গোলের ১৬ বছর পর নিউ জার্সিতে ফেরান তোরেসের গোলে আবারও বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে স্প্যানিশরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬