

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন ভিডিওতে থাকা তরুণী ও তার বাবা। তারা দুজনই দাবি করেছেন, গাজী নজরুল ইসলামের সঙ্গে ওই তরুণীর বৈধভাবে বিয়ে হয়েছে।
অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে থাকা তরুণীর নাম মরিয়ম খাতুন।
মরিয়মের বাবা মাসুম বিল্লাহ দাবি করেন, গত ১৭ জুন তিন লাখ টাকা দেনমোহরে তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়।
তিনি বলেন, ঘটনার দিন তারা রাজধানীর মগবাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকেই গোপনে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় তার শ্যালক ওবায়দুল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ওবায়দুল্লাহ তার অফিসে সহকারী হিসেবে কাজ করতেন।
মরিয়ম খাতুনও দাবি করেন, গাজী নজরুল ইসলাম তার স্বামী। তিনি বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে। সেদিন ঘুরতে গিয়ে আমরা আমার বাবার অফিসে বিশ্রাম নিচ্ছিলাম।’ তিনি আরও জানান, তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
এদিকে, ভাইরাল ভিডিও প্রসঙ্গে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন, ‘এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
দ্বিতীয় বিয়ে কবে হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট তারিখ তার জানা নেই। তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।