বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাঁকড়া শিকারে গিয়ে সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আহত জেলে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত আতিয়ার রহমান
expand
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত আতিয়ার রহমান

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলে আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত মান্দার গাজীর ছেলে।

সহজেলেদের বরাত দিয়ে জানা গেছে, সকালে কয়েকজন জেলে কাঁকড়া আহরণে বনে প্রবেশ করেন। একপর্যায়ে বনদস্যুদের একটি সশস্ত্র দল সেখানে এসে অতর্কিত গুলি চালায়। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এ ঘটনায় পুরো এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের দমন ও নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের কাছে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে। দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে এবং আহত জেলের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন