

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর কালুখালীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মে) রাত প্রায় ৯টা ৪০ মিনিটে উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে আমিন ব্যাপারী (৪৫)।
আহতরা হলেন একই গ্রামের মৃত ছালেক শেখের ছেলে রিয়াজ শেখ (৫০) এবং আদম কাজীর ছেলে কালাম কাজী (৫০)। তারা সবাই পশু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোহনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর চালায়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, বাসচালককে স্থানীয়রা আটক করে রেখেছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।