সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগের রাতে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ এএম
জামায়াতে যোগ দিলেন নীলফামারীর ডোমার উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক
expand
জামায়াতে যোগ দিলেন নীলফামারীর ডোমার উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন নীলফামারীর ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের এক নেতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।

জামায়াতে যোগ দেওয়া ওই নেতার নাম শফিকুল ইসলাম শফিক। তিনি ডোমার সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সদস্য সচিব ছিলেন। এলাকায় তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের নেতাদের উপস্থিতিতে শফিকুল ইসলাম শফিক আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন জনান, তিনি শফিকের জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি শুনেছেন। তবে কোন কারণে তিনি যুবদল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, সাবেক উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক।

এদিকে জামায়াতে যোগ দেওয়া শফিকুল ইসলাম শফিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমার প্রিয়জনরা এ সিদ্ধান্তে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। গত ৫ আগস্টের পর আমার সঙ্গে কী করা হয়েছে, তা আপনারা অনেকেই জানেন। আমি সব জায়গায় কথা বলার পরও কোনো সমাধান পাইনি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দলীয় অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে নেতাদের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু এর কোনো সমাধান পাইনি। আমি আল্লাহর ওপর ভরসা করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন