সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধনু নদ ও হাওর এলাকায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ধনু নদীর গোদারাঘাট এলাকায় বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালেব (৫৫) নামে এক মৎস্য শিকারি নিহত হন। নিহত আব্দুল মোতালেব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে আব্দুল মোতালেবসহ তিনজন নিজ এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদে আসেন। পথে ফজরের আযানের সময় মদন উপজেলার উচিতপুর ঘাট সংলগ্ন একটি মসজিদে নামাজ আদায় করেন তারা। পরে জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় গিয়ে বরশি দিয়ে মাছ ধরা শুরু করেন। সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই দিন দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মোনায়েম খা পালান (৫৩) নামে এক কৃষক নিহত হন। তিনি সাতগাঁও গ্রামের নেকবর খার ছেলে।

এছাড়া পৃথক আরেক ঘটনায়, হাওরে ধান কাটতে গিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিগীর চর গ্রামের মো. শুভ মন্ডল বজ্রপাতে নিহত হন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, বজ্রপাতে নিহতদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন