শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১:১২ পিএম
expand
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুধু শহরে নয়, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। তরুণ-যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ উন্মাদনায় মেতে উঠেছেন। প্রতিযোগী দলের সমর্থকরা বড় পর্দা টাঙিয়ে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লার মোড়ে মোড়ে খেলা দেখছেন।

তবে নতুন খবর হলো, ৬১ লিটার দুধে গোসল করে সোহান হোসেন (২৩) নামে এক তরুণ ব্রাজিল থেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগদান করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া বাজার সংলগ্ন পোয়ালশুরা-পাটপাড়া উচ্চবিদ্যালয় মাঠে। এনিয়ে উপজেলাজুড়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

সমর্থন বদলানো তরুণ সোহান হোসেনের বাড়ি উপজেলার সোনাবাজু গ্রামে। তিনি গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোহানের বলেন, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের অন্ধ ভক্ত ছিলেন। এবারের বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের কাছে তাঁর প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু মাঠে দলের পারফরম্যান্স ভালো না লাগা এবং মরক্কোর সঙ্গে ড্র হওয়ার পর তিনি হতাশ হয়ে পড়েন। এ কারণেই তিনি সমর্থন বদলানোর সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ব্রাজিল-মরক্কো ম্যাচ ড্র হওয়ার পর সহপাঠী বন্ধু ও গ্রামের অনেকেই তাকে নানা ধরনের মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে ব্রাজিলের খেলায় হতাশ হয়ে বন্ধুদের সমর্থিত আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানান তিনি। পরে আর্জেন্টিনা সমর্থক বন্ধুরা তাকে দুধে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।

আর্জেন্টিনা দলের সমর্থক জাকারিয়া হোসেন, আরিফুল ইসলাম, রকি ও আকাশ জানান, সোহান তাঁদের বন্ধু ও সহপাঠী। একসঙ্গে কলেজে যাতায়াত, আড্ডা এবং বিশ্বকাপের খেলা দেখা হয়। মরক্কোর সঙ্গে ব্রাজিলের ম্যাচ ড্র হওয়ার পর থেকেই সোহানকে নানা মজার ছলে খোঁচা দেওয়া হচ্ছিল। পরে তিনি স্বেচ্ছায় তাঁদের সমর্থিত দলে যোগদানের সিদ্ধান্ত নেন। এরপর তাঁকে বরণ করে নিতে দুধে গোসল করানোর উদ্যোগ নেওয়া হয়।

তারা আরও জানান, এলাকার প্রায় দেড় হাজার আর্জেন্টিনা সমর্থক চাঁদা তুলে ৭০ টাকা লিটার দরে ৬১ লিটার দুধ কেনেন। পরে বিদ্যালয় মাঠে বন্ধু ও স্থানীয় মানুষের উপস্থিতিতে সেই দুধ দিয়ে সোহানকে গোসল করিয়ে আর্জেন্টিনা দলে বরণ করে নেওয়া হয়।

দুধে গোসলের পর সোহান বলেন, দীর্ঘদিনের প্রিয় দলের সমর্থন বদলালেও তার খারাপ লাগছে না। বরং বন্ধুরা এত বড় আয়োজন করে তাকে নিজেদের দলে নিয়েছে, এতে তিনি আনন্দিত। বন্ধুদের ভালোবাসা ও আন্তরিকতাকে তিনি সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

তিনি বলেন, দলের চেয়ে বড় বিষয় হলো বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা। তাদের ভালোবাসার প্রতিদান আমার কাছে অনেক বড়। জয় হোক আর্জেন্টিনার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank