রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী 

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৯:৫৯ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
expand
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। সবাই পাবেন ফ্যামিলি কার্ড, হবে না কোনো পক্ষপাতিত্ব।

শনিবার (১৬ মে) বিকালে উপজেলার হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ কৃষকের সামান্য ঋণের জন্য কোমড়ে দড়ি পড়েছে। এজন্য বর্তমান সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। দেশে শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন,নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে থাকতে দেবেন না। ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের হাতে মোবাইল তুলে দেবেন না।

সরদার সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। আপনারা আমাকে একটি সুন্দর সমাজ উপহার দিন। উন্নয়ন করা সম্ভব, কিন্তু প্রতিটি ঘরের সন্তানকে দেখাশোনা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

তিনি জানান, আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ'সহ স্থানীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন