বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাত দিন গ্যাস না থাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
expand
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর রায়েরবাগ শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশসহ কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী।

জানা যায়, গত সাত দিন ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ৭ দিন গ্যাস না থাকায় রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন। অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষ, পণ্যবাহী যান এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে ডেমরা জোনের সহকারি পুলিশ সুপার ট্রাফিক সাজেদুর রহমান বলেন, রায়েরবাগ ও শনিআখড়া এলাকায় ৭ দিন যাবত গ্যাস না থাকায় স্থানীয় বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X