

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে উপজেলার কালনা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে ও আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সাব্বির ও শওকত নামে দুই যুবক যশোরের অভয়নগর থানার দিঘলিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি সেতু দেখতে আসেন। মধুমতি সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে উপজেলার কালনা-বেনাপোল মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা কালনা অভিমুখি একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সাব্বির ও আরোহী শওকত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহতের খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।