সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিভুজ প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand

মুন্সীগঞ্জের শ্রীনগরে ত্রিভুজ প্রেমের জেরে আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামি মো. মন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর গত শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের ট্যাংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মন্টু মিয়া (৫৫) ঢাকার লালবাগ থানার ৮ নম্বর কাশ্মেরী টোলা লেন এলাকার মৃত স্বপন মোল্লার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত জব্বারের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে মন্টুসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। জব্বার দীর্ঘদিন বাংলাদেশ সচিবালয়ে আউটসোর্সিং ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, জব্বারের সঙ্গে মন্টুর স্ত্রী রুবিনা বেগমের পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। প্রায় দুই বছর আগে মন্টু, রুবিনা ও জব্বার শ্রীনগরের পশ্চিম খৈয়াগাঁও এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস শুরু করেন। প্রায় ছয় মাস আগে রুবিনা গোপনে জব্বারকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে মন্টুর সঙ্গে জব্বারের বিরোধ সৃষ্টি হয়। পরে রুবিনা মন্টুকে তালাক দিয়ে জব্বারের সঙ্গে বসবাস শুরু করেন।

এর জেরে গত ১৬ আগস্ট সকাল ৭টার দিকে মন্টু ওই বাড়িতে গিয়ে জব্বারের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টা ৫০ মিনিটে জব্বারের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ আসামিকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে মন্টুর অবস্থান শনাক্ত করে গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুরের ট্যাংরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মন্টুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank