রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ মে) সিলেটে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় সারা দেশের মতো মুন্সীগঞ্জ জেলাতেও শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ৩টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনের পর মুন্সীগঞ্জ সদর উপজেলা ও লৌহজং উপজেলার বালকদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলার ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সময়ে মুন্সীগঞ্জ পৌরসভা ও শ্রীনগর উপজেলার অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলা এবং তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে।

পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উচ্ছ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর বিভিন্ন ইভেন্ট আগামী ২ মে থেকে ১০ মে পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ভেন্যুতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন