বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিগাঁও বাজারে যানজট নিরসনে ওসির অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
বালিগাঁও বাজারে যানজট নিরসনে অভিযানে ওসি
expand
বালিগাঁও বাজারে যানজট নিরসনে অভিযানে ওসি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক ডাবলু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ওপর অবৈধভাবে বসানো দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে কয়েকটি দোকান তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, অনেক দোকানদার দোকানের সামনে সড়কের অংশ ভাড়া দিয়ে অস্থায়ী দোকান বসাচ্ছেন। এছাড়া বাজারের ইজারাদার খাজনা নিয়ে রাস্তার পাশে অস্থায়ী দোকান বসানোর সুযোগ দিচ্ছেন। ফলে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

পুলিশ জানায়, বাজার এলাকায় সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে নিয়মিত যানজট লেগেই থাকত। এতে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অভিযানকালে ওসি মো. মনিরুল হক ডাবলু বলেন, সড়ক জনসাধারণের চলাচলের জন্য। ভবিষ্যতে কেউ রাস্তা দখল করে দোকান বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি।

পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজার এলাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

অন্যদিকে বালিগাঁও বাজারের ইজারাদার মো. আবু সাঈদ শেখ বলেন, রাস্তার পাশের যেসব দোকান বসে সেগুলো ইজারার অন্তর্ভুক্ত। সে কারণেই সেখান থেকে ইজারা নেওয়া হয়। তবে যানজট নিরসনে ভবিষ্যতে রাস্তার পাশের অংশ ইজারার আওতা থেকে বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup