

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় নিবন্ধিত ১০ জন মৎস্যজীবী জেলের মাঝে ৪০টি উন্নত জাতের স্ত্রী ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) শিবচর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ছাগল বিতরণ করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. সাইদ উদ্দিন আহমাদ (হানজালা)।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "জেলেদের শুধু মাছ ধরার ওপর নির্ভরশীল না থেকে বিকল্প আয়ের উৎস তৈরি করতে হবে। এই ছাগল বিতরণের মাধ্যমে মৎস্যজীবী পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং গ্রামীণ অর্থনীতি আরও বেগবান হবে।"
তিনি আরও বলেন, "আমার দেখে ভালো লাগছে যে, যারা প্রকৃত অধিকারী বা পাওয়ার যোগ্য, তাঁরাই এগুলো পেয়েছেন। সরকারি এই সহায়তার সঠিক ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে।"
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হরিশ চন্দ্র বোস এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আফরিনা আলী।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ছাগল পালন করে নিজেদের ভাগ্যবদল করার জন্য উপকারভোগী জেলেদের প্রতি আহ্বান জানান।