মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকিয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

মাদারীপুরের কালকিনিতে পরকিয়ায় বাধা দেওয়ায় রুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদ ও স্বামীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চর পাঙ্গাশিয়া গ্রামের এসকান্দার বালীর মেয়ে রুমা আক্তারের সঙ্গে দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের আজগর হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারের দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মাসুদ হাওলাদার তাঁর স্ত্রী রুমার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। তবে রুমার পরিবার নিম্নবিত্ত হওয়ায় ওই যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ বিভিন্ন সময় রুমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

এ ছাড়া অভিযোগে জানা যায়, মাসুদ হাওলাদার বর্তমানে তাঁর বাড়ির এক নারীর সঙ্গে গোপনে পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে রুমা আক্তার স্বামীকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে সম্প্রতি রুমা আক্তারকে গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করেন মাসুদ। এ সময় রুমা আক্তার বাঁচার জন্য আত্মচিৎকার করলে তাঁর মুখমণ্ডল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে নিরুপায় হয়ে রুমা আক্তার তাঁর বাবার বাড়িতে আশ্রয় নেন।

ভুক্তভোগী রুমা আক্তারের মামা সরোয়ার হোসেন বলেন, “পরকিয়ায় বাধা দেওয়ায় আমার ভাগ্নি রুমার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে মাসুদ হাওলাদার। পাশাপাশি যৌতুকের জন্যও চাপ প্রয়োগ করে আসছিল। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি এবং তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত স্বামী মাসুদ হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X