

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শূন্যরেখা সীমান্তের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিয়ন্ত্রণে উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার ৮ পিলারের একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বসাকপাড়া এলাকা। বিপরীতে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকা অবস্থিত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এই বাংলাদেশি সীমান্ত এলাকার শূন্যরেখার ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা ড্রোন উড্ডয়ন করে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ শব্দ করে ড্রোনটি পার্শ্ববর্তী ভুট্টা খেতে আছড়ে পড়ে।
পরে স্থানীয়রা বিজিবিকে জানালে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ‘বিএসএফের উড্ডয়ন করা একটি ড্রোন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের হেফাজতে আছে। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানির কমান্ডারের সাথে যোগাযোগ করেছে। তাঁরা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছে, তাঁদেরকে বলা হয়েছে ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন