শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৯ জনের কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জোনাথান ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিকে কাতারকে গোলবন্যায় ভাসিয়েছে বিশ্বকাপের সহ-স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯ জনের কাতারের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে কানাডিয়ানরা।

এই দাপুটে জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় আদায়ের পাশাপাশি সুইজারল্যান্ডকে টপকে গ্রুপের শীর্ষে আরোহণ করেছে কানাডা। দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ড দুই দলেরই পয়েন্ট সমান চার হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সহ-স্বাগতিকরা।

অপরদিকে লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিকম্যান হিসেবে নিজের নাম লেখালেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কানাডা। ম্যাচের শুরুর দিকেই কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিডের একটি জোরাল শট কাতার গোলকিপার মাহমুদ আবুনাদা ঠেকিয়ে দিলেও বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেখানে ফিরতি বলে দারুণ শটে গোল করে কানাডাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন কাইল লারিন।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জোনাথন ডেভিড। ম্যাচের আধঘণ্টা পেরোতেই দুই গোলে পিছিয়ে পড়া কাতার আরও বড় ধাক্কা খায়, যখন কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি ফাউল করায় কাতারের হোমাম আহমেদকে লাল কার্ড দেখান রেফারি। শুরুতে পেনাল্টির সিদ্ধান্ত হলেও ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি-কিক পায় কানাডা এবং কাতার ১০ জনের দলে পরিণত হয়। এই সুযোগে আক্রমণের ঝড় বইয়ে দিয়ে বিরতির আগেই জোনাথন ডেভিডের দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানের লিড নেয় কানাডা।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় কাতার। এবার কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। মাদিবোর এই ফাউলের কারণে পা ভেঙে মাঠ ছাড়তে বাধ্য হন কোনে। প্রতিপক্ষ আরও দুর্বল হয়ে পড়লে ম্যাচের ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে কানাডার হয়ে চতুর্থ গোলটি করেন নাথান সালিবা।

গোলের পর তিনি মাঠ ছাড়ার আগে সতীর্থ ইসমায়েল কোনের জার্সি উঁচিয়ে ধরে সতীর্থের প্রতি সম্মান জানিয়ে গোলটি উদ্‌যাপন করেন। ম্যাচের ৭৫ মিনিটে স্বাগতিকদের আক্রমণের চাপে পড়ে আত্মঘাতী গোল করে বসেন কাতারের মোহাম্মদ মানাই, যা কানাডাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়। ম্যাচের শেষ দিকে ভঙ্গুর ও নড়বড়ে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠা কানাডার পক্ষে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে শেষ গোলটি করেন জোনাথন ডেভিড। কোনো সুযোগই হাতছাড়া না করে ৬-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে সহ-স্বাগতিক কানাডা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup