

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (৩ মে) বিকালে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)-এর ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। পরে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে। তাদের চিৎকার শুনে ট্রেন কর্তৃপক্ষ দ্রুত ট্রেন থামায়। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান বলেন, “ট্রেনের ইঞ্জিনের ওয়েল চেম্বারে আগুন লেগেছিল। চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।”
পরে ট্রেনের সাময়িক ত্রুটি মেরামত করে কিছুক্ষণ পর আবার বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
মন্তব্য করুন