সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলো জ্বালানি তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:৫০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চার মাসের সংঘাতের অবসান ঘটাতে হওয়া ঐতিহাসিক চুক্তির পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চুক্তির অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ট্যাঙ্কার ও কার্গো জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় তেলের ফিউচার বাজারে মূল্য প্রায় ২ শতাংশ কমে গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন-ইরান উত্তেজনা প্রশমিত হওয়া এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। এর প্রভাবে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়ানোর পাশাপাশি চলতি বছরে সুদের হার আরও বৃদ্ধির ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হয়েছে।

ডলারের মূল্য বৃদ্ধির ফলে ইউরোর বিপরীতে মার্কিন মুদ্রার দর বেড়েছে। বুধবার যেখানে এক ইউরোর বিনিময় মূল্য ছিল ১ দশমিক ১৪৯৪ ডলার, তা কমে ১ দশমিক ১৪৭৫ ডলারে নেমেছে। একইভাবে পাউন্ডের বিপরীতেও ডলার শক্তিশালী হয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতেও ডলারের দর ঊর্ধ্বমুখী ছিল। ডলার-ইয়েন বিনিময় হার ১৬০ দশমিক ৭১ ইয়েন থেকে বেড়ে ১৬০ দশমিক ৮৪ ইয়েনে পৌঁছেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন