বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৮২ সিম ও ৬ মোবাইল
expand
ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৮২ সিম ও ৬ মোবাইল

লালমনিরহাটে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে সিম বিক্রি ও অবৈধ লেনদেনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাঝরাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের মাধ্যমে যুবকদের কাছে অনলাইন জুয়ার সুযোগ করে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা তিনজনই ওই এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা কালীগঞ্জ উপজেলার লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) কে গ্রেফতার করেন। এদের মধ্যে আফছার আলী নোয়াখালীর সুধনচরের বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলো ব্যবহার করে নগদ ও বিকাশ একাউন্ট খোলা হয়েছিল বলে জানায় ডিবি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়ার মাধ্যমে যুবসমাজকে বিপথে নেওয়ার অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X