বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে ১৪ টন রডসহ ট্রাক ছিনতাই, আটক ৪

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
রড বোঝাই ট্রাক
expand
রড বোঝাই ট্রাক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে ফিল্মি কায়দায় ১৪ টন রড বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে রামগঞ্জ পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক মামুনুর রশিদ জানান, রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের আবুল খায়ের স্টিল (একেএস স্টিল) থেকে ১৪ টন রড বোঝাই করে তিনি তার পরিচালনাধীন ফাতেমা ট্রেডার্সের একটি ট্রাক নিয়ে রামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। রামগঞ্জের আলমগীর কনস্ট্রাকশনের অর্ডার করা মালামাল এ এইচ ট্রেড ট্রান্সপোর্টের মাধ্যমে ভাড়া নিয়ে পরিবহন করছিলেন তিনি।

রওনা দেওয়ার পর মামুন আলমগীর কনস্ট্রাকশনের ম্যানেজারকে ফোনে বিষয়টি জানালে ম্যানেজার তাকে রামগঞ্জ পৌরসভার সামনে গাড়ি পার্ক করে রাখতে বলেন। রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি মালবোঝাই ট্রাক নিয়ে পৌরসভার সামনে পৌঁছান। সেখানে পৌরসভার দারোয়ানকে ৩০ টাকা দিয়ে চা খেতে বলে গাড়ির দেখভালের কথা বলে ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েন।

ভোর ৪টা ১০ মিনিটের দিকে একটি প্রাইভেটকার ও একটি নোহা গাড়ি নিয়ে কয়েকজন ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তারা চালককে গাড়ি থেকে নামতে বলেন। পরে গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে অভিযোগ তুলে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

চালক মামুন জানান, পরে তাকে ফেনী এলাকায় নামিয়ে দিয়ে বাড়ি ফেরার জন্য ২৫০ টাকা দেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি রিসেট করে সিমকার্ড রেখে দেয়। গাড়ি থেকে নামার পর তিনি এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে ট্রাকের মালিককে বিষয়টি জানান। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ থানায় অজ্ঞাত ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়।

উল্লেখ্য, ট্রাকে থাকা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে সর্বশেষ লক্ষ্মীপুরের কুটুমবাড়ি রেস্টুরেন্ট এলাকায় গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। তবে সেখানে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সেখানে পৌঁছে ছিনতাইকারীরা ট্র্যাকিং ডিভাইসটি খুলে ফেলে।

পরদিন ১৪ এপ্রিল জামালপুর সদর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে ট্রাকটির অবস্থান সম্পর্কে তথ্য দিলে মালিকপক্ষ পুলিশকে নিয়ে ট্রাক উদ্ধারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে টাঙ্গাইলের করটিয়া এলাকায় শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাস্তা করার জন্য তারা থামেন। সেখানে নাস্তা করতে নেমে ট্রাকচালক মামুন ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্যকে দেখতে পান।

তিনি তাদের দেখেই মালিককে জানান যে, তারাই তাকে অপহরণ করে ট্রাকটি ছিনতাই করেছিল। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ সেখান থেকে চক্রের চার সদস্যকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়িটি থেকে মদের বোতলসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রামগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রামগঞ্জ থান পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন