

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুরে ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ীকে থানায় ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন বিএনপি ও জামায়াতের পাঁচ সমর্থক। তাদেরকেও হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (০৯ মে) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন, উপজেলার নওদা আজমপুর গ্রামের এনামুল হক, সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম। এরমধ্যে সাইদুল ইসলাম বিএনপি সমর্থক এবং বাকি চারজন জামায়াত সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হলে স্থানীয় কয়েকজন বিএনপি ও জামায়াত সমর্থক থানায় এসে তাকে ছাড়িয়ে নিতে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অন্যদিকে মিরপুর উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামী কোনো অপরাধীকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করবে, এমন প্রশ্নই আসে না। কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে জামায়াতের কোনো আপস নেই।
এদিকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান দাবি করেন, হেফাজতে নেওয়া ব্যক্তি বিএনপি করেনা। তিনি বিএনপির কোন পোষ্টে আছেন এটা পুলিশকে দেখাতে বলেন।
তিনি বলেন, ইয়াবা ব্যবসা জামায়াতের নেতারা করেন এবং তারাই ইয়াবা ব্যবসয়ীকে থানায় ছাড়াতে যাই। আমি এ বিষয়ে একটু পরে লাইভে আসবো।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।