মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:২৫ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
expand
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রত্যেকটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (০৪ মে) বিকেলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ধাপে ধাপে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে ইতোমধ্যে তিন শতাধিক ক্রীড়া কার্ড বিতরণ করা হয়েছে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

আমিনুল হক বলেন,ক্রীড়া শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাবলিক ও প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া-সংশ্লিষ্ট বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহবার উদ্দিন,ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এবং মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন