

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাপ্যতা থাকা সত্ত্বেও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের নবায়ন না হওয়ায় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ‘বিন্দু গালামাল স্টোর’-এর স্বত্বাধিকারী সেকেন্দার আলী ২০২৪ সালের ৩১ জানুয়ারি টিসিবি ডিলার হিসেবে চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে ২০২৫ সালের ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী তিনি নবায়নের জন্য আবেদন করেন। তবে গত ১০ মার্চ তিনি জানতে পারেন, নবায়নের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।
পরে তিনি টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করলে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ইউনিয়নে অন্য ইউনিয়নের একজন ডিলার থাকায় নতুন করে প্রাপ্যতা না থাকায় তাঁর নবায়ন করা হয়নি।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান ‘স্বপ্ন ট্রেডার্স’ নামে চাকিরপশার ইউনিয়নে এক ব্যক্তির গুদামঘর ভাড়া দেখিয়ে রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হকের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ডিলার হিসেবে নিয়োগ পান। স্থানীয়দের দাবি, বিষয়টি বর্তমান নীতিমালার পরিপন্থী।
এ বিষয়ে টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, পূর্বের নীতিমালা অনুযায়ী ‘স্বপ্ন ট্রেডার্স’-কে ২০২৪ সালে নবায়ন করা হয়েছিল। তবে বর্তমান নীতিমালা অনুযায়ী এক ইউনিয়নের বাসিন্দা অন্য ইউনিয়নে টিসিবি ডিলার হতে পারবেন না।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘স্বপ্ন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমানের বাড়ি বিদ্যানন্দ ইউনিয়নে। তিনি কীভাবে রাজারহাট ইউনিয়নের ডিলার হয়েছেন, তা টিসিবির কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।
উপজেলার অন্যান্য টিসিবি ডিলাররা জানান, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অন্য ইউনিয়নের ডিলার নিয়োগ বাতিল করা হলে ‘বিন্দু গালামাল স্টোর’-এর নবায়নের প্রাপ্যতা সৃষ্টি হবে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন