বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে মাদক সেবনের ভিডিও, বিএনপির দুই নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফেসবুকে মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পাঁচবিবি পৌর বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতেই তাদের দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই দুই নেতাকে মাদকসদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে এ বিষয়ে বহিষ্কৃত দুই নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।’

এদিকে এর আগেও একই জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের মাদক সেবনের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন