

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্যসম্পদ বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ঝালকাঠিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জেলার ৩৬টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে মোট ৩৩ দশমিক ৩৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার জামে মসজিদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় তিনি বলেন, উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, রাজস্ব খাতের আওতায় প্রতিবছর জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। চলতি অর্থবছরে জেলার ৩৬টি জলাশয়ে মোট ৩৩ দশমিক ৩৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে বুধবার ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে এসব জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস ও ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।

