শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদী অববাহিকায় টেকসই পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে সরকার দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “ভবদহের মানুষের দুর্ভোগ আর দীর্ঘায়িত হতে দেওয়া হবে না। বিজ্ঞানভিত্তিক সমীক্ষা, নদী ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে একটি স্থায়ী সমাধান বাস্তবায়নে সরকার কাজ করছে।”

শনিবার (১৬ মে) যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) আয়োজিত “যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা” শীর্ষক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ভবদহ শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত একটি বড় জাতীয় সমস্যা। অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার অভাবে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। এবার সরকার বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম রসুল সংসদ সদস্য যশোর ৪, গাজী এনামুল হক সংসদ সদস্য যশোর ৫, এবং মোঃ মোক্তার আলী সংসদ সদস্য যশোর ৬ । তারা ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভাপতিত্ব করেন মোহাম্মদ আশেক হসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাছরিন আক্তার খান। সমীক্ষা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান।

কর্মশালায় জানানো হয়, দীর্ঘদিন ধরে ভবদহ ও বিল ডাকাতিয়া এলাকায় নদীতে অতিরিক্ত পলি জমা, নাব্যতা সংকট এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অতীতে টিআরএম কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কিছু ইতিবাচক ফল পাওয়া গেলেও তা ধারাবাহিকভাবে চালু রাখা সম্ভব হয়নি। বিশেষ করে ২০১৩ সালে পূর্ব বিল খুকশিয়ায় টিআরএম বন্ধ হওয়ার পর পুনরায় নদী ভরাট এবং জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে।

পানি নিষ্কাশনের উন্নয়নে ২০২১ সালে ভবদহ রেগুলেটরের ওপর ২০টি পাম্প স্থাপন করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। ২০২৪ সালের অতিবৃষ্টির সময় জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০২৫ সালের এপ্রিল মাসে দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং শিবসা-পশুর নদী অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা শুরু করে।

বর্তমান সমীক্ষার আওতায় যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকায় নদী, খাল ও বিলের জরিপ, গাণিতিক মডেলিং, কৃষি, পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং অর্থনৈতিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে।

সমীক্ষা প্রতিবেদনে ভবদহ ও বিল ডাকাতিয়া এলাকার জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সমাধান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে নদী খনন, অতিরিক্ত পানি নিষ্কাশন পাম্প স্থাপন, পাইলট চ্যানেল খনন, নদীর স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ নিশ্চিত করা, টিআরএম কার্যক্রম পুনরায় চালু, নদীর প্লাবনভূমি দখলমুক্ত করা এবং ভবদহ রেগুলেটরকে সেতু দ্বারা প্রতিস্থাপনের পরিকল্পনা।

এছাড়া বিল ডাকাতিয়া এলাকার জন্য নতুন সংযোগ খাল নির্মাণ, রেগুলেটর সংস্কার ও নতুন রেগুলেটর স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের সহযোগিতায় এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার একটি টেকসই সমাধান সম্ভব হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব সভাপতি ইকবাল কবির জাহিদ, জাহিদ হাসান টোকন, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন