

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বালুভর্তি ট্রাকটি হঠাৎ পিচঢালা সড়কের ধসে যাওয়া অংশে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ চলতে থাকায় ভেতরে ফাঁপা অংশ বা সুরঙ্গের সৃষ্টি হয়। সময়মতো প্রয়োজনীয় সংস্কার না করায় শেষ পর্যন্ত সড়কের একটি বড় অংশ ধসে পড়ে এবং দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর থেকে চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সড়কটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে দ্রুত ট্রাকটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে জনদুর্ভোগ দ্রুত লাঘব হয়।