বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে এক দিনে পৃথক স্থানে দুই সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
expand
হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই দিনে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এসব সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে কাশিমপুর গ্রামে হালচাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে এক পক্ষের মাসুদুল হক এবং অপর পক্ষের বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে জুয়েল মিয়া (৩৫), আনানুরুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫) উল্লেখযোগ্য। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তামিমকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই দিন সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামে একটি শিশুর বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের আব্দুল আওয়াল ও সাইফুল ইসলাম পক্ষের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হন।

আহতদের মধ্যে আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২) ও মহিবুর (৪২) রয়েছেন। আহতদের কেউ কেউ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কয়েকজন পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, দুইটি সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন