

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
পরে বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।
শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, দুই শিশুর ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন