মঙ্গলবার
১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ দেওয়া ব্যক্তির পরিচয় মিলল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:৩৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত সংলাপগুলোর একটি হলো ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ঘুরে বেড়ানো এই সংলাপ এখন যেন নেটদুনিয়ার নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে।

অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো কোনো বাস্তব কবিরাজের মুখে বলা কথা। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন। ভাইরাল হওয়া এই চরিত্রের পেছনের মানুষটির নাম ঈমান আলী।

তিনি কোনো পেশাদার কবিরাজ নন; মূলত একজন অভিনয়শিল্পী। প্রায় দুই দশকেরও বেশি সময় আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে চলে আসেন তিনি। এরপর থেকেই গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করে সামাজিক সচেতনতামূলক ও বিনোদনধর্মী ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন ঈমান আলী।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব ভিডিওতে কবিরাজের বেশে অভিনয় করেন তিনি। সেখানে তার অভিনয়ের ধরণ, চোখের ভাষা ও বিশেষ ভঙ্গিতে বলা ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ সংলাপটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো ভিউ ও শেয়ার পেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এখন শুধু সাধারণ দর্শকরাই নন, বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন। ফলে ঈমান আলীর জনপ্রিয়তাও বেড়েছে কয়েকগুণ।

এ বিষয়ে ঈমান আলী বলেন, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার স্বপ্ন তার অনেক দিনের। ভাইরাল হওয়ার পর সেই স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি স্পষ্ট করে জানান, তিনি বাস্তবে কোনো কবিরাজ নন; কেবল অভিনয়ের প্রয়োজনে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে হাসাতে ও বিনোদন দিতে কাজ করে যেতে চান।

স্থানীয়দের কাছেও ঈমান আলীর এই সাফল্য আনন্দের বিষয় হয়ে উঠেছে। প্রতিবেশীদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও একটি সংলাপই তাকে দেশজুড়ে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন