

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি সরকারও আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আপনি যে পথে হাঁটছেন, সেই পথে আপাও (শেখ হাসিনা) হেঁটেছিলেন। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন।’
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
নিহত ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
তারেক রহমানকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, ‘আপনি যে পথে হাঁটছেন, সেই পথে আপাও (শেখ হাসিনা) হেঁটেছিলেন। সেই পথে আপনারাও হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কী হয়েছে এখন, পালাইছে। এই পথে যারাই হাঁটবেন, তাদের পালাতে হবে।’
তিনি বলেন, ‘এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি।’
বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি মানুষ চায় না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। কোনো আধিপত্যবাদ মানব না আমরা।’
গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির সংসদ সদস্য আব্দুল করিম, সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কার্যাভী, সাধারণ সম্পাদক ফাহিম মণ্ডল।
সমাবেশের আগে জামায়াত নেতারা শিবির নেতা সাইফুল্লাহ বারী ও কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এবং তাদের কবর জিয়ারত করেন।


