মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণে এক ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মজিবুর রহমান আরও জানান, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি। এদিকে টানা বর্ষণের ফলে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন পণ্য।

প্রসঙ্গত, মেঘ বিস্ফোরণ হলো এমন এক ধরনের বৃষ্টিপাত, যেখানে খুব অল্প সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে প্রবল বৃষ্টি নামে। সাধারণত ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘ বিস্ফোরণ ধরা হয়। এর সময়সীমা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা হতে পারে, তবে এর প্রভাব হয় ভয়াবহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন