শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০২:২৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বাসটিতে তখন প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন তারা। স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন।

যাত্রীদের একজন রায়হান জানান, তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। বাসের ভেতরে প্রথমে পোড়া গন্ধ পান তাঁরা। পরে আগুন দেখতে পান। চালক বা সহকারী আগুন লাগার বিষয়টি যাত্রীদের জানাননি। পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে তাঁদের উদ্ধার করেন।

আরেক যাত্রী মো. সোহেল রানা বলেন, পরিবারের সাত সদস্য নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর শ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছিল। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালা ভেঙে তাঁদের বের করে আনায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

সোহেল রানা আরও দাবি করেন, আগুন লাগার পর বাসের ভেতরে চালক ও সহকারীকে তিনি দেখতে পাননি।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank