সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় জোয়ারের তোড়ে বিধ্বস্ত স্লুইসগেইট

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
পেকুয়ায় জোয়ারের তোড়ে বিধ্বস্ত স্লুইসগেইট
expand
পেকুয়ায় জোয়ারের তোড়ে বিধ্বস্ত স্লুইসগেইট

​কক্সবাজারের পেকুয়ায় অস্বাভাবিক জোয়ারে উপজেলার মগনামা ইউনিয়নের সোনালী বাজারস্থ পাউবোর ৪১ নং স্লুইসগেইট ভেঙে লোকালয় ও লবণের মাঠে লোনা পানি ঢুকে পড়েছে। এ বিপর্যয়ে মুহূর্তের মধ্যেই তলিয়ে গেছে কয়েকশ একর ফসলি জমি। মৌসুমের শেষ সময়ে এসে প্রকৃতির এমন রুদ্ররূপে কয়েক হাজার লবণ চাষির সারা বছরের উপার্জনের স্বপ্নভঙ্গ হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পায়। পানির প্রবল চাপে উপজেলার মগনামা ইউনিয়নের সোনালী বাজার সংলগ্ন একটি জরাজীর্ণ স্লুইসগেইট ভেঙে হু হু করে পানি ঢুকতে শুরু করে। চাষিরা কিছু বুঝে ওঠার আগেই মাঠের স্তূপ করা লবণ তলিয়ে যায়। এতে অন্তত ৫০০ বড় বিনিয়োগকারীসহ কয়েক হাজার প্রান্তিক চাষি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাঠেই পড়ে ছিল বিক্রির জন্য প্রস্তুত শত শত মণ লবণ, যা এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

​ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, চড়া সুদে ঋণ নিয়ে তারা এবার মাঠে নেমেছিলেন। লবণের বাজারদর ভালো থাকায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন অনেকে। কিন্তু মুহূর্তের এই দুর্যোগে সেই আশা এখন হতাশায় রূপ নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উত্তোলিত লবণের স্তূপ জোয়ারের তোড়ে গলে গেছে এবং মাঠ প্লাবিত হওয়ায় পুনরায় উৎপাদন শুরু করাও অনিশ্চিত হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্লুইসগেইটটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকলেও সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ চাষিদের।

​মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, জোয়ারের তোড়ে স্লুইসগেইটটি ভেঙে চাষিদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আমি নিজে সরজমিনে দেখে এসেছি। এটি এলাকার অর্থনীতির ওপর বড় আঘাত। দ্রুততম সময়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে একটি জরুরি বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত বাঁধ সংস্কারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন