সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত, আজ থেকে কার্যকর 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গতকাল (রোববার) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।

এদিকে, সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।

তিনি বলেন, ‘সরকার সরবরাহ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক। তবে বর্তমান চাহিদার তুলনায় এটি এখনও পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন হয় তা আর থাকবে না।’

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। নতুন দাম অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম পড়বে ১১৫ টাকা। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১৩০ টাকা, প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম পড়বে ১৪০ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন