

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসের ভাড়া। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সেই বৈঠকে ভাড়া কতটা বাড়ানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবারের বৈঠকে একটি প্রস্তাব চূড়ান্ত করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে, সেখান থেকেই শেষ সিদ্ধান্ত আসবে।
পরিবহন খাত সংশ্লিষ্টদের ভাষ্য, জ্বালানি তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয়ের একটি প্রচলিত সূত্র রয়েছে—তেলের দাম প্রতি লিটার এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ানো হয়। সে হিসাবে, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।
তবে পরিবহন মালিকদের দাবি, কেবল জ্বালানির দাম নয়, সাম্প্রতিক সময়ে ডলারের মূল্যবৃদ্ধির কারণে যন্ত্রাংশ ও ইঞ্জিন তেলের খরচও বেড়েছে। পাশাপাশি ২০২২ সালের পর বাস ও মিনিবাস পরিচালনার ব্যয় নিয়ে নতুন করে কোনো বিশ্লেষণ হয়নি বলেও তারা উল্লেখ করেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। সম্ভাব্য নতুন সিদ্ধান্তে এ হার পরিবর্তন হতে পারে।
মন্তব্য করুন
